
দেলোয়ার হোসেন
গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন জমাদ্দার (১৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ পূবাইল থানার এসআই (নিঃ) মোঃ সাব্বির হোসেনের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মোঃ শামসুর রহমান ও সংয়ীয় ফোর্স নিয়ে থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, পূবাইল থানাধীন হায়দরাবাদ পশ্চিমপাড়া এলাকার জনৈক জালাল উদ্দিনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে সুজন জমাদ্দারকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ইয়াবাগুলো জব্দ করা হয়। গ্রেফতারকৃত সুজন জমাদ্দার মৃত রতন জমাদ্দার ও মৃত মোমেনা আক্তারের ছেলে। তিনি পূবাইলের হায়দরাবাদ পশ্চিমপাড়া এলাকার স্থায়ী ঠিকানা উল্লেখ করলেও বর্তমানে ভাসমান হিসেবে বসবাস করছিলেন। এ ঘটনায় পূবাইল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পূবাইল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।