
মোঃ আবু সাঈদ চৌধুরী:
কুষ্টিয়ায় দশম শ্রেণির স্কুলছাত্রী জাকিয়ার ওপর নৃশংস হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির প্রধান ফটকের সামনে এক যুবকের অতর্কিত হামলার শিকার হয় সে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো স্কুলে টেস্ট পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল জাকিয়া। বাড়ির প্রধান ফটকের সামনে পৌঁছে কলিংবেল চাপার প্রস্তুতি নেওয়ার সময় পেছন থেকে এক যুবক তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করা হয়। অভিযোগ রয়েছে, ইমন নামের এক কিশোর দীর্ঘদিন ধরে জাকিয়াকে উত্ত্যক্ত ও ইভটিজিং করে আসছিল। এসব ঘটনার প্রতিবাদ করার জের ধরেই তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলার পর স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত জাকিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার চিকিৎসা চলছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। বাড়ির প্রধান ফটকের সামনে একজন স্কুলছাত্রী যদি নিরাপদ না থাকে, তাহলে কিশোরীদের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই বড় প্রশ্ন দেখা দেয়।
সচেতন মহল বলছে, ইভটিজিং ও নারী হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ করা কোনো অপরাধ নয়। বরং এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। প্রতিবাদ করার কারণে কোনো কিশোরীকে সহিংসতার শিকার হতে হবে—এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। একই সঙ্গে জাকিয়ার উন্নত চিকিৎসা ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।
জাকিয়ার জন্য ন্যায়বিচার চাই। কিশোরী ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।মহান আল্লাহ জাকিয়াকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন।