
মোঃ আবু সাঈদ চৌধুরী: গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নেতৃত্বের বৈধতা, গঠনতন্ত্র লঙ্ঘন ও সাংগঠনিক অনিয়মের অভিযোগে সংগঠনটিতে বিরোধ দেখা দিয়েছে। এসব অভিযোগ তুলে বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সমিতির সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেনসহ একাংশের নেতারা। ইউসুফ হোসাইন অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সভাপতির দায়িত্ব পালন, গঠনতন্ত্রবহির্ভূত পদ সৃষ্টি এবং সংগঠনে একচ্ছত্র আধিপত্য বিস্তারের ঘটনা ঘটছে। এসব অনিয়মের প্রতিবাদ করায় তাঁকেসহ কয়েকজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং পরবর্তী সময়ে বহিষ্কারের ঘোষণাদেওয়া হয় বলে দাবি করেন তিনি। গত ১৪ নভেম্বর সমিতির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাধারণ সদস্যদের মতামত উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
এ সময় নেতারা বহিষ্কারাদেশ প্রত্যাহার, অভিযোগের নিরপেক্ষ তদন্ত, গোপন ভোটে উপদেষ্টা পরিষদ গঠন, গঠনতন্ত্রবহির্ভূত পদ বাতিল এবং সাধারণ সদস্যদের অধিকার নিশ্চিত করার দাবি জানান। ইউসুফ হোসাইন বলেন, তাঁদের এই উদ্যোগ কোনো ব্যক্তিগত স্বার্থে নয়; বরং সমিতির স্বচ্ছতা, শৃঙ্খলা ও সদস্যদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য। উল্লেখ্য, এসব অভিযোগের বিষয়ে সমিতির বর্তমান নেতৃত্বের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।