1. admin@bhawaltv.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

টঙ্গীতে শিক্ষকের মুক্তি ও মাদরাসায় হামলার প্রতিবাদে আলেম-ওলামাদের মানববন্ধন ৭২ ঘণ্টার আলটিমেটাম

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পঠিত

​শেখ কামরুল হাসান সাহাঃ
গাজীপুরের টঙ্গীতে শিক্ষক মোসলেম উদ্দিনের নিঃশর্ত মুক্তি এবং‘ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা’য় হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে ‘প্রাইভেট মাদরাসা ঐক্য পরিষদ, গাজীপুর’ ‘যুব জমিয়ত বাংলাদেশ, গাজীপুর মহানগর শাখা’ ওলামা কল্যাণ পরিষদ টঙ্গী, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ফাউন্ডেশন। এতে আলেম-ওলামা, বিভিন্ন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। ঘটনার প্রেক্ষাপট ও দাবি:
জানা গেছে, গত ২১ অক্টোবর টঙ্গী পশ্চিম থানাধীন মধ্য আউচপাড়ার সফি উদ্দিন সরকার একাডেমি রোডে অবস্থিত ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার খণ্ডকালীন শিক্ষক মোঃ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক মোসলেম উদ্দিন গণ ধোলাইয়ের শিকার হন এবং পরে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযোগ টির সত্যতা যাচাই না করেই শাহজালাল রুমির নেতৃত্বে মাদরাসায় পরিকল্পিত হামলা, ভাঙচুর, লুটপাট এবং শিক্ষক-শিক্ষিকাদের ওপর শারীরিক লাঞ্ছনা চালানো হয়।
​প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কোনো অপরাধের অভিযোগ থাকলে তা প্রচলিত আইনের মাধ্যমে বিচার হতে হবে। আইন নিজের হাতে তুলে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ও শিক্ষকদের লাঞ্ছিত করা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। এতে ধর্মীয় শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। কর্মসূচি ও আলটিমেটাম:মানববন্ধন থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদানের কথা জানানো হয়। স্মারক লিপিতে উল্লেখিত প্রধান দাবিগুলো হলো:সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে শিক্ষক-শিক্ষিকাদের ওপর হামলায় জড়িত শাহজালাল রুমিসহ প্রধান আসামীদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার।
​গ্রেপ্তারকৃত শিক্ষক মোঃ মোসলেম উদ্দিনের নিঃশর্ত মুক্তি এবং উভয় মামলার নিরপেক্ষ তদন্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার কারী ও সাংবাদিকদের হুমকিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। ​বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৭২ ঘণ্টার মধ্যে হামলা কারীদের গ্রেপ্তার না করা হলে রাস্তা অবরোধ সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে সারাদেশে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। উপস্থিত নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন গাজীপুর প্রাইভেট মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি আব্দুল রশীদ আকন্দ, টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমির মোঃ আনোয়ার হোসেন, বিশিষ্ট আলেম,টঙ্গী ভরান জামে মসজিদের খতিব মাওলানা কেরামত আলী, মুফতি আমিরুল ইসলাম, আব্দুল করীম নাটোরী, ক্বারি মোঃ আলমাছ হোসেন ও সেলিম হোসাইন, মাওলানা যোবায়ের হোসেন, মাওলানা আরিফুর ইসলাম তাহেরী, ডাঃ সিদ্দিকুর রহমান, মুফতি রফিকুল ইসলাম, আব্দুল মালেক জামালী, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসাইন, মুফতী আমিনুল ইসলাম গোপালপুরী,সহ টঙ্গীর বিভিন্ন মাদরাসার প্রধানগণ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV