1. admin@bhawaltv.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটে মির্জা ফয়সল আমিন বিজয়

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

কঠোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্য দিয়ে ঠাকূরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। তিনি সাবেক সংসদ সদস্য ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ঠাকূরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম। এ সময় জেলা নির্বাচন ও স্থানীয় প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা ফয়সল আমিন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। ফলে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোটের বড় ব্যবধানে জয় নিশ্চিত হয় বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনের।
এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) ৩ হাজার ২৮৮ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ) ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব) ৪৪৯ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে মোট ভোট প্রদানের হার দাঁড়ায় ৬৪ দশমিক ৭৭ শতাংশ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়।
ঠাকূরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় নিয়ম অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২৯ অক্টোবর এই উপ-নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছিল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV