1. admin@bhawaltv.com : admin :
  2. smiqbalh8@gmail.com : Shaikh Mohammad Iqbal Hossain : Shaikh Mohammad Iqbal Hossain
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহবান জানিয়েছেন তারেক রহমান

ভাওয়াল টিভি ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

শেখ মোহাম্মদ ইকবাল হোসেন : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

আজ সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানিয়েছেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে। নবম শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য এ শিক্ষা বাধ্যতামূলক করার ব্যবস্থা করা হবে।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীদের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতেও অংশ নিতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।

শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষা শিখতে হবে। এ জন্য ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেয়ার সুযোগ থাকবে। এসব ভাষার মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত থাকবে।

ঢাকাকে পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহবান জানিয়ে তিনি বলেন, পরিবেশের প্রতি যত্নশীল হতে হবে। একই সঙ্গে প্রাণী ও জীবজন্তুর প্রতিও দায়িত্বশীল আচরণ করতে হবে।

বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।’

তিনি বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি মানুষের দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং সামাজিক দায়িত্ব পালনের মানসিকতাও গড়ে তুলতে হবে।

এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। এ সময় তারা সংসদ অধিবেশনও প্রত্যক্ষ করেন।

সংসদ ভবন পরিদর্শনকালে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন, সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Bhawal TV
প্রযুক্তি সহায়তায়: Bhawal TV